জুলাই ২৬, ২০২৬, ০৭:৩১ পিএম
চলতি ২০২৬-২৭ অর্থবছরে জুলায়ের ২৫ দিনে দেশে ২ দশমিক ২৯৯ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা।
এ সময়ে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাই মাসের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর মাসজুড়ে ধারাবাহিক প্রবাহ অব্যাহত থাকায় ২১ দিনের মাথায় মোট প্রবাসী আয় দাঁড়ায় ২০৯ কোটি ৫০ লাখ ডলারে। আর ২৫ দিনে তা বেড়ে পৌঁছায় ২২৯ কোটি ৯০ লাখ ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির সমান।