জুলাই ২৩, ২০২৬, ০৪:০৭ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের পর রানার্সআপ আর্জেন্টিনা দল ও অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফাইনালের হারকে বড় করে না দেখে পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার লড়াই, প্রত্যাবর্তন ও পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ইনফান্তিনো লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী অসাধারণ একটি ফিফা বিশ্বকাপ! তাদের অবিস্মরণীয় প্রত্যাবর্তন ও লড়াকু মানসিকতা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে। বিশ্বের ফুটবলপ্রেমীদের তারা এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছে, যা কেউ কখনো ভুলবে না।’
তিনি আরও বলেন, ‘২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রমাণ করে যে দলটি কতটা ধারাবাহিক। এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এবং শেষ পর্যন্ত দারুণ আবেগ ও নিষ্ঠার সঙ্গে লড়াই করার জন্য তোমাদের ধন্যবাদ।’
টুর্নামেন্টজুড়ে এবং ফাইনালের পর নানা সমালোচনার মুখে পড়লেও আর্জেন্টিনার ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন ফিফা সভাপতি। দলটির লড়াকু মানসিকতা ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে পাশে দাঁড়িয়েছেন তিনি।
এদিকে শুধু রানার্সআপ আর্জেন্টিনাই নয়, ২০২৬ বিশ্বকাপের সেরা চার দলের প্রতিও আলাদা বার্তা দিয়েছেন ইনফান্তিনো।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে ফিফা সভাপতি লেখেন, ‘দক্ষিণ আফ্রিকায় প্রথমবার শিরোপা জেতার ১৬ বছর পর স্পেন আবারও বিশ্বজয়ের স্বাদ পেল। ফুটবলের ইতিহাসে যুক্ত হলো আরেকটি সোনালি অধ্যায়।’
শিরোপা উদযাপনের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘পরিবার, সমর্থক আর পুরো দেশের সঙ্গে এই মুহূর্তটি উদযাপন করুন। ফুটবল ইতিহাসের পাতায় আপনারা নিজেদের আসন পাকাপোক্ত করেছেন।’