ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চোখে অশ্রু নিয়েই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আসেন তিনি। দলের হার মেনে নিলেও হতাশা লুকাতে পারেননি এই কোচ।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে সাংবাদিকরা জানতে চান, এটি কি লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল?
প্রশ্নের জবাবে স্কালোনি জানান, এ বিষয়ে এখনো মেসির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে আগে মূল্যায়ন করবেন। এরপর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কণ্ঠ ভারী হয়ে আসা স্কালোনি বলেন, "এটি অত্যন্ত বেদনাদায়ক। আমি সত্যিই খুব দুঃখিত।"
এরপর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচ।