ধর্ষণ-মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রু টেট ও তার ভাই গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৮:৪৯ পিএম

ধর্ষণ-মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রু টেট ও তার ভাই গ্রেফতার

ছবি: এপি

বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার দুই ভাই অ্যান্ড্রু টেট ও ট্রিস্টান টেটকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে একটি গোপন ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস।

ধর্ষণ ও যৌন পাচারের অভিযোগে যুক্তরাজ্য সরকার তাদের নিজেদের হেফাজতে নিতে প্রত্যর্পণের আবেদন করবে বলে জানিয়েছে। একই সঙ্গে ব্রিটিশ প্রসিকিউটররা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব থাকা টেট ভাইদের বিরুদ্ধে নতুন করে ধর্ষণ, শিশুর অশালীন ছবি এবং আরও কয়েকটি গুরুতর অভিযোগ আনা হবে।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, ৩৯ বছর বয়সী অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে সাতটি ধর্ষণ, তিনটি যৌন পাচার, তিনটি শারীরিক নির্যাতন এবং শিশুর অশালীন চিত্র ও চরম পর্নোগ্রাফি সংক্রান্ত আরও ১৯টি অভিযোগে মামলা চালানো হবে।

অন্যদিকে, ৩৮ বছর বয়সী ট্রিস্টান টেটের বিরুদ্ধে একটি যৌন নিপীড়ন, দুটি ধর্ষণ এবং যৌন শোষণের উদ্দেশ্যে পাচারের আয়োজন বা সহায়তার তিনটি অভিযোগ আনা হবে বলে জানিয়েছে সিপিএস।

এর আগে তিন ভুক্তভোগীর করা ধর্ষণ, মানব পাচার ও গুরুতর শারীরিক জখমসহ মোট ২১টি অভিযোগে যুক্তরাজ্যে মামলার মুখোমুখি ছিলেন টেট ভাইয়েরা। সিপিএস জানিয়েছে, নতুন অভিযোগ যুক্ত হওয়ার পর মামলায় মোট ভুক্তভোগীর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব অপরাধ ২০১০ সালের জুলাই থেকে ২০১৭ সালের আগস্টের মধ্যে ঘটেছে।

২০২২ সালে রোমানিয়ায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে দেশটি ছেড়ে চলে গিয়েছিলেন অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট। রোমানিয়াতেও তাদের বিরুদ্ধে ধর্ষণ ও মানব পাচার সংক্রান্ত পৃথক মামলা রয়েছে, যা যুক্তরাজ্যের মামলাগুলোর সঙ্গে সম্পর্কিত নয়।

বিলাসী জীবনযাপন ও বিতর্কিত বক্তব্যের মাধ্যমে অনলাইনে ব্যাপক পরিচিতি পাওয়া টেট ভাইয়েরা দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছেন। তাদের কথাবার্তা ও নারীবিদ্বেষী আচরণ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তবে সমালোচনা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বড় ধরনের অনুসারী রয়েছে, যাদের একটি উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রের।

২০২৫ সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তারা টেট ভাইদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার পর তাদের সুরক্ষায় হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা হস্তক্ষেপ করেছিলেন।

তবে অ্যান্ড্রু টেট ও ট্রিস্টান টেট দুজনেই তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: আল জাজিরা

Link copied!