ছবি: সংগৃহীত
চলতি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল দেখতে মুখিয়ে আছে ফুটবলবিশ্ব। আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা বাড়াতে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের। দর্শকদের জন্য থাকছে বড়পর্দায় ম্যাচ উপভোগের পাশাপাশি সরাসরি সংগীত পরিবেশনার আয়োজন।
ফাইনাল উপলক্ষে আয়োজিত পৃথক দুটি কনসার্টে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। একই সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এছাড়া পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।
এর আগে কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন ডিজে সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফাতেহি। একই মঞ্চে তাদের পরিবেশনা বিশ্বজুড়ে প্রশংসা পায়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যানফেস্টেও সংগীত পরিবেশন করেছেন সঞ্জয় দেব। আন্তর্জাতিক বিশ্বকাপ যাত্রার ধারাবাহিকতায় এবার ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছেন তিনি।
বনানীর পূজা মাঠে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। বিশ্বকাপ সমাপনী কনসার্টে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন সঞ্জয় দেব। অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন তিনি।
ঢাকার অনুষ্ঠান শেষে সঞ্জয় দেব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে তার পরবর্তী কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন।
এদিকে বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি বিশেষ আয়োজন। সেখানে বড়পর্দায় সরাসরি ফাইনাল ম্যাচ দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিশেষ কনসার্ট।
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। তার সঙ্গে মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম।
রোববার রাত থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ২০ জুলাই সকাল পর্যন্ত।