হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৭:৩৮ পিএম

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ শিশু।

আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। একই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ৯৩৮। অর্থাৎ, ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ শিশু।

এ সময়ে নতুন করে ৮৮৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৯২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮। এ ছাড়া নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৪৩১। এর মধ্যে মোট ১ লাখ ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৯৬ হাজার ৫২১ জন ইতোমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

Link copied!