দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৬ শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর শরীরে হামের উপসর্গ ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮ হাজার ৪১৯ শিশু।
অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৮ শিশুর।