৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে চাঁদপুরের মেঘনায় কার্গোডুবি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৫:০৫ পিএম

৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে চাঁদপুরের মেঘনায় কার্গোডুবি

ছবি: সংগৃহীত

চাঁদপুরের তিন নদীর মোহনায় মেঘনার প্রবল ঘূর্ণিস্রোতে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে এবং পাশের নৌযানের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

কার্গোটির চালক এরশাদ মাঝি জানান, মঙ্গলবার পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে ‘পারবো’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশে যাত্রা করে। বুধবার সকালে পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে তিন নদীর মোহনায় তীব্র ঝড় ও ঘূর্ণিস্রোতের কবলে পড়ে জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের সাত ব্যবসায়ীর। প্রাথমিক হিসাবে এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, কার্গোডুবির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, ঘটনাটি তদন্তে নৌ-নিরাপত্তা বিভাগের কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে চাঁদপুরের তিন নদীর মোহনায় তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই নৌ-দুর্ঘটনা ঘটে। তাই এ নৌপথে চলাচলকারী কার্গো ও অন্যান্য নৌযানের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Link copied!