ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদোর দিনটা বেশ ভালোই গেছে। তার দল পর্তুগাল ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে। শেষ ৩২-এর ম্যাচে একটি গোলও করেছেন তিনি এবং হয়েছেন ম্যাচসেরা।
রোনালদো ম্যাচ শেষে প্রেজেন্টেশন জোনে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কেস টিভিকে সাক্ষাৎকার দেন। সেখানে সাংবাদিকরা তার কাছে ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্দেশে কিছু বলার অনুরোধ করেন।
রোনালদো বলেন, ‘ব্রাজিলের সমর্থকদের উদ্দেশে কোনো বার্তা দিতে হবে? ব্রাজিলের কথা বললেই আমার মনে সব সময়ই এক বিশেষ অনুভূতি কাজ করে। শুধু এ কারণে নয় যে, ব্রাজিলে আমার পরিবারের সদস্যরা আছেন; বরং আমি ব্রাজিলের মানুষদের ভীষণ ভালোবাসি।’
তিনি আরও যোগ করেন, ‘আমার পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময়জুড়েই তারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে রইলো অনেক ভালোবাসা এবং চুমু।’
এই জয়ের মাধ্যমে পর্তুগাল শেষ ষোলো নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে একটি জয় ও দুটি ড্র করে তারা নকআউটে ওঠে। এই চার ম্যাচে রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩টি—যার মধ্যে উজবেকিস্তানের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। পরবর্তী ধাপে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন।