দাম বেড়েছে মুরগির, স্থিতিশীল সবজি বাজার

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০১:০৮ পিএম

দাম বেড়েছে মুরগির, স্থিতিশীল সবজি বাজার

ছবি: সংগৃহীত

কয়েক দিনের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে মুরগির দাম বেড়েছে। তবে দুই-তিন সপ্তাহ আগে বাজারে কয়েক ধরনের চালের দাম যে সামান্য বেড়েছিল, তা এখনো কমেনি; আগের দামেই বিক্রি হচ্ছে। অন্যদিকে সবজির দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।

আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে দেখা গেছে, সপ্তাহখানেকের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার ও সোনালি মুরগির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। পাশাপাশি সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায়।

দুই থেকে তিন সপ্তাহ আগে মিনিকেট, নাজিরশাইল ও বিআর-২৮ জাতের চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছিল। নতুন করে দাম না বাড়লেও সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে এসব চাল। বাজারে মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭২ টাকায়। নাজিরশাইল মানভেদে ৭৫ থেকে ৮৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

এছাড়া বিআর-২৮ বা মাঝারি চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকায়।

খুচরা চাল ব্যবসায়ীদের মতে, মিল পর্যায় থেকে সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমার কোনো ইঙ্গিত নেই। ফলে খুচরা বাজারেও আগের বাড়তি দামই বজায় রয়েছে।

মুরগি ও চালের বাজারে কিছুটা অস্বস্তি থাকলেও সবজির বাজারে স্বস্তি বিরাজ করছে। শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় অধিকাংশ সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বর্তমানে বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কহি ৫০ টাকা, শসা ৬০ টাকা, ঝিঙে ৫০ টাকা এবং পটল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ২৫ টাকা এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

অন্যদিকে মাছের বাজারে দেশীয় মাছের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও ইলিশের দাম এখনো চড়া রয়েছে। বর্তমানে চাষের কৈ মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা, কাতলা ৪০০ টাকা, পাবদা ৪০০ টাকা এবং টেংরা ৭০০ টাকা কেজি দরে।

ইলিশের বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। দেড় কেজি ওজনের বড় ইলিশের দাম কেজিপ্রতি ৩ হাজার ৫০০ টাকা।

Link copied!