সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ১২:১৩ পিএম

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেবেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেল সোয়া ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার নির্দেশিকা তুলে ধরেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এরপর শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

সাড়ে তিন দশক পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান সংসদ সদস্যরা। ত্রয়োদশ সংসদে মোট ৩৪৯ জন এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ভোট পড়েছে ৩৪৩টি। ছয়জন এমপি ভোটদানে উপস্থিত ছিলেন না।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করাবেন।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী ছিলেন। এ কারণে আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ভোটের আয়োজন করতে হয়।

দীর্ঘ ৩৫ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় এ নির্বাচনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই নির্বাচন সংসদীয় গণতন্ত্রে গতিশীলতা আনতে ভূমিকা রাখবে।

Link copied!