আগস্ট ২০, ২০২৬, ০৩:২০ পিএম
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | সংগৃহীত ছবি
রোহিঙ্গা সংকট দেশের পরিবেশের পাশাপাশি অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ (বৃহস্পতিবার) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৩৭ জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর পাশাপাশি মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধের সঙ্গেও তারা জড়িত।
অনুষ্ঠানে অংশ নেওয়া ফেলোদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামরিক কর্মকর্তা, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি।
কোর্সে সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেন।
এর ফলে নিজ নিজ কর্মক্ষেত্রে তারা আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের এসব সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটকে ‘টাইম বোমা’র সঙ্গে তুলনা করেন মৌলভীবাজার–৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট প্রকট আকার ধারণ করেছে। যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই ইস্যুটি।