রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৪:২০ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

২৩তম রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেওয়ার মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর একে একে ভোট দিচ্ছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার ভোট দিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারপর ভোট দেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দেওয়ার পর তিনি বিরোধীদলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়া ভোট দিচ্ছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। বিরোধীদলের নেতা শফিকুর রহমান, বিরোধীদলের উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ একে একে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন।

সংসদ সদস্যরা একে একে ভোট দিচ্ছেন। সংসদ সদস্য সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমানসহ একে একে সংসদ সদস্যরা ব্যালটপেপারে ভোট দেন। সংসদের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালটবাক্স রাখা হয়েছে। সেখানে একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।

ভোট দেওয়ার পর সরকারদলীয় সংসদ সদস্যদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং হাত মেলান।

Link copied!