ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০৪:৪৯ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন বছর ধরে সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এবার এই মহাসড়কে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। মঙ্গলবার (১৮ আগস্ট) এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার এলাকা এআই নজরদারির আওতায় আসবে। ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্তের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে জরিমানাও আদায় করা যাবে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ২০২৩ সালে ১ হাজার ৪২৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এ প্রকল্পে ব্যয় হয় ১৫২ কোটি ৫৬ লাখ টাকা। এবার মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার অংশের দুই পাশে সাত শতাধিক ক্যামেরায় এআই প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে।

হাইওয়ে পুলিশ সহকারী পুলিশ সুপার মঈন উদ্দীন চৌধুরী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপত্তা নিশ্চিতে এই পদ্ধতি চালু করা হচ্ছে। একই সাথে কার্যকর হচ্ছে স্বয়ংক্রিয় জরিমানার পদ্ধতি।

তবে শুধু প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ালেই মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত হবে না বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান। তিনি বলেন, শুধু ক্যামেরা বসালে বা এআই প্রযুক্তি যুক্ত হলেই শৃঙ্খলা ফিরবে না। মহাসড়কে চলতে দেওয়া যাবে না অটোরিকশা। থাকা উচিত আলাদা সার্ভিস লেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রপ্তানি পণ্য চুরির অন্তত ২০০টি ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, মহাসড়কে ডিজিটাল নজরদারি বাড়ানো হলে এ ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে।

Link copied!