আগস্ট ১৭, ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–অনিক, আকাশ খান ও চান্দি বাবু। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু।
বাদীপক্ষের আইনজীবী জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টার দিকে কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইয়ে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
আইনজীবী আরও জানান, গ্রেপ্তারকৃত তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।
রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতও রায় বহাল রাখবে এবং দ্রুত তা কার্যকর করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে নিহত সীমান্তের বাবা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।