অনুপম-প্রস্মিতা | ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায় বাবা হয়েছেন। আজ (সোমবার) দুপুরে তাঁর স্ত্রী গায়িকা প্রস্মিতা পাল পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের জানিয়েছেন অনুপম।
সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে অনুপম লেখেন, ‘শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।’ একই সঙ্গে জানান, আজই তাঁদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। আর এই পোস্টের মন্তব্যঘরে তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুরাগী ও সহকর্মীরা।
নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত অনুপম। তিনি জানিয়েছেন, মা ও ছেলে দুজনেই ভালো আছেন।
প্রসঙ্গত, ২০২১ সালে সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে অনুপম রায়ের বিচ্ছেদ হয়। এরপর ২০২৪ সালের মার্চে গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করেন তিনি। এবার প্রথমবারের মতো বাবা-মা হলেন এই তারকা দম্পতি।
তবে মা হতে যাওয়ার খবরটি আগে থেকে প্রকাশ্যে আনেননি প্রস্মিতা। অনুপমও এই বিষয়ে কিছু জানাননি। ফলে হঠাৎ তাঁদের বাবা-মা হওয়ার খবরে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।