ফিফা বিশ্বকাপ ২০২৬

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১২:১১ পিএম

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

ছবি: সংগৃহীত

যোগ করা সময়ের ১৯তম মিনিটে রেফারির শেষ বাঁশির সঙ্গে নিশ্চিত হয় পর্তুগালের জয়। ক্রোয়েশিয়াকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ম্যাচে ৫৩তম মিনিটে পিছিয়ে পড়লেও ৬৮তম মিনিটে সমতা ফেরান রোনালদো।

পর্তুগালের জয়সূচক গোলটি আসে গনসালো রামোসের কাছ থেকে। ম্যাচের ৯৪তম মিনিটে রাফায়েল লিয়াওয়ের বাঁ প্রান্ত থেকে বাড়ানো বলে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে লাফিয়ে উঠে হেডে জালে বল পাঠান তিনি।

সমতায় ফিরতে মরিয়া ক্রোয়েশিয়া যোগ করা সময়ের ১৩তম মিনিটে পর্তুগালের জালে বল জড়ালেও শেষ পর্যন্ত গোলটি টেকেনি। ভিএআর পর্যালোচনার পর অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি। এতে ক্রোয়েশিয়ার হতাশা বাড়লেও উল্লাসে মেতে ওঠে পর্তুগাল।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। গোল করার পর ম্যাচের ৮১তম মিনিটে কোচ রবার্তো মার্তিনেজ তাকে তুলে নেন। তার পরিবর্তে মাঠে নামেন রুবেন নেভেস। মাঠ ছাড়ার সময় কিছুটা হতাশই দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে ক্রোয়েশিয়ার তুলনায় এগিয়ে ছিল পর্তুগাল। তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে গোল পায়নি তারা। ম্যাচের চতুর্থ মিনিটে রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড়ে গড়ে ওঠা আক্রমণ থেকে পরপর দুটি শট নেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু দুইবারই দারুণ সেভ করে পর্তুগালকে হতাশ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

প্রথমার্ধে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ভালো কোনো সুযোগও তৈরি করতে পারেননি তিনি। অন্যদিকে, ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচও খেলতে পারেননি নিজের স্বভাবসুলভ ছন্দে। ফলে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। য়োসিপ স্তানিশিচের বাড়ানো বল বক্সের ভেতর দিয়ে গড়িয়ে পৌঁছে যায় পেরিসিচের কাছে। অভিজ্ঞ এই উইঙ্গার বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান।

ম্যাচের ৬০তম মিনিটে একবার বল জালে পাঠিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপর ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক। এটি বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর প্রথম এবং চলতি আসরে তার তৃতীয় গোল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ স্পেন।

Link copied!