আগস্ট ২৪, ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) একই ধরনের বক্তব্য দেওয়া শিখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান দাবি করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তবে ওই বক্তব্যের বিষয়ে জোটের অন্য নেতারা কোনো আপত্তি জানাননি বলে অভিযোগ করেন রাশেদ।
জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি লেখেন, দলটির নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন। ধর্মীয় দলের নেতারা এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ‘বিসমিল্লাহ’ ব্যবহার করছেন বলেও কটাক্ষ করেন তিনি।
এনসিপির সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘নতুন বন্দোবস্তের দল’ হিসেবে পরিচিত এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে একই ধরনের মিথ্যাচার শিখেছে। তাঁর দাবি, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড ও ব্যর্থতা নিয়ে এনসিপি যে বক্তব্য দেবে, সেখানেও অপতথ্য থাকার আশঙ্কা রয়েছে।
রাশেদ খান আরও বলেন, সরকারি দলের ১৮০ দিনের কার্যক্রমের মূল্যায়ন যেমন প্রয়োজন, তেমনি বিরোধী দলগুলো গত ছয় মাসে কী ধরনের গুজব, অপপ্রচার ও ঘৃণা ছড়িয়েছে, সেটিও মূল্যায়ন করা দরকার। তিনি দাবি করেন, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রপাগান্ডা প্রচারের ক্ষেত্রে জামায়াত ও এনসিপি ইতোমধ্যে ‘চ্যাম্পিয়ন’ হয়ে উঠেছে।