আগস্ট ২৩, ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: সংগৃহীত
পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে ব্যাংকটির প্রধান কার্যালয়, গুলশান সাউথ অ্যাভিনিউ ও বসুন্ধরা শাখার আট সাবেক কর্মকর্তাও রয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়। অনুসন্ধান দলের প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অনুমোদন পাওয়া অন্য ব্যক্তিরা হলেন এম এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মমিনুর রহমান ও মো. অজিত উল্লাহ। পদ্মা ব্যাংকের গুলশান সাউথ অ্যাভিনিউ শাখার সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জর্জ কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া এবং সাবেক ম্যানেজার অপারেশন এম আতিফ খালেদও মামলার আসামি হচ্ছেন।
এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, বসুন্ধরা শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ শামছুল হাসান ভূঞা, একই শাখার সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওসার হোসেনকে আসামি করার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদক জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জাল দলিল তৈরি ও জালিয়াতি, জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার, দুর্নীতি এবং অর্থপাচারের অভিযোগে মামলা করা হবে।
এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের নির্দেশনা অনুযায়ী, এজাহার দায়েরের পর এর অনুলিপিসহ সংশ্লিষ্ট নথিপত্র কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। তদন্তে অভিযোগের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে দুদক।