বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৩, ২০২৬, ১২:২৩ পিএম

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি: সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার) সকাল ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন।

বঙ্গভবন এলাকায় রাষ্ট্রপতির গাড়িবহর পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেন। এখন থেকে বঙ্গভবনেই বসবাস করবেন তিনি এবং সেখান থেকেই রাষ্ট্রীয় ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার নিয়ম রয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান।

Link copied!