দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (রোববার) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।
এদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ৮৯৭ জন। নতুন করে পাঁচজনের মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।