আগস্ট ২৩, ২০২৬, ০৫:০৯ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি | ছবি: এপি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের নেওয়া কিছু পদক্ষেপ ‘ভুল পথে’ ছিল। ব্যাপক বিক্ষোভে অংশ নেওয়া এবং নির্বাচন আয়োজনের আহ্বান জানানোর বিষয়ও এর মধ্যে রয়েছে। প্রথমবারের মতো প্রকাশ্যে ফেদোরভের সঙ্গে তাঁর বিরোধের বিস্তারিত তুলে ধরেছেন জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা খাতে ব্যয় ও কিছু সিদ্ধান্তের সমালোচনা করে জেলেনস্কি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভুল তথ্যের কারণে রাশিয়ার ভূখণ্ডে হামলার ক্ষেত্রে স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।
রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় প্রয়োজনীয় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির কথাও তুলে ধরেন তিনি। জেলেনস্কির দাবি, গত তিন বছরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের পাওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমেছে, অথচ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে।
তবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতির কথাও জানিয়েছেন জেলেনস্কি। তাঁর দাবি, প্রায় পুরো ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চল পুনর্দখল করেছে ইউক্রেন। বর্তমানে সেখানে রুশ নিয়ন্ত্রণে রয়েছে মাত্র প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকা।
শনিবার সাংবাদিকদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার এক বৈঠকে এসব কথা বলেন জেলেনস্কি। বৈঠকটি অফ-দ্য-রেকর্ড ছিল। তবে রোববার এর প্রতিলিপি প্রকাশ করা হয়।
বৈঠকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, রুশ ব্যালিস্টিক হামলা মোকাবিলার প্রস্তুতি, শান্তি আলোচনা, ইউক্রেনের বাজেট সংকট এবং ফেদোরভকে বরখাস্ত করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন জেলেনস্কি।
ফেদোরভ সম্পর্কে তিনি বলেন, মিখাইলোর প্রতি আমার খুব ইতিবাচক মনোভাব ছিল এবং এখনও আছে। আমরা একসঙ্গে অনেক কিছু পার করেছি। কিন্তু আমি মনে করি, সে নিজেই অথবা অন্যদের চাপে এমন কিছু বিষয়ের দিকে যাচ্ছে, যেগুলো সঠিক নয়।
প্রযুক্তি ও ড্রোননির্ভর যুদ্ধব্যবস্থা দ্রুত এগিয়ে নেওয়ার কারণে জনপ্রিয়তা পাওয়া ফেদোরভকে গত মাসে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে দেশটির শীর্ষ সামরিক কমান্ডারের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল বলে খবর প্রকাশিত হয়।
ফেদোরভকে সরিয়ে দেওয়ার পর কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ হয়। তবে এসব বিক্ষোভ সরকারকে সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করতে পারেনি। পরে এক ভিডিও বার্তায় ফেদোরভ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
জেলেনস্কি জানান, সরকারে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি ফেদোরভকে চারটি ভিন্ন বিকল্প দিয়েছিলেন। কিন্তু ফেদোরভ সবগুলোই প্রত্যাখ্যান করেন।