নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরও একজন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২৬, ০২:২৯ পিএম

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরও একজন

নিহত বাংলাদেশি মো. ইউসুফ রাজুর, ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে মো. ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল নামে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রাউনসভিল এলাকায় এ ঘটনা ঘটে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে গুলির ঘটনা ঘটে। সেখানেই কর্মরত ছিলেন ইউসুফ রাজু ও আহত রাসেল।

রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষক মোহাম্মদ উল্লাহর তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে রাজু ছিলেন দ্বিতীয়। ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে যান তিনি। যাওয়ার সময় স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। যুক্তরাষ্ট্রে গিয়ে কাগজপত্রের প্রক্রিয়া শেষ করে স্ত্রী ও সন্তানদেরও সেখানে নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

রাজু ১২ বছর ও আড়াই বছর বয়সী দুই মেয়ের বাবা। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তাঁর ছোট মেয়ে রাইসার জন্ম হয়। পরিবারের সদস্যরা জানান, সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন করে জীবন গড়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

স্বজনদের ভাষ্য, যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় রাজু ঋণ করেছিলেন। বাড়িতে পরিবারের থাকার ঘরও তৈরি করা হয়নি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন আর্থিক ও মানসিকভাবে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

রাজুর স্বজন ও স্থানীয়রা তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল আজিজ জানান, রাজুর পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। দুই শিশুকন্যাকে নিয়ে রাজুর স্ত্রী পলি আক্তার এখন কীভাবে সংসার চালাবেন, সেটিই পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা।

Link copied!