ফ্লোরিডায় নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০১:৩৫ পিএম

ফ্লোরিডায় নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিখোঁজের কয়েকদিন পর স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ এবং আজ (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

ফ্লোরিডার ট্যাম্পা বে’র হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে  জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়। হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার মরদেহটি লিমনের বলে নিশ্চিত করেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকেই তার খোঁজে অভিযান চালাচ্ছিল পুলিশ ও এফবিআই।

এই ঘটনার পর তদন্তে বড় অগ্রগতি আসে। লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবেইহকে পুলিশ হেফাজতে নেয়। পুলিশের দাবি, ক্যাম্পাসের কাছে একটি বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে অভিযান চালানো হয় এবং সেখানে নিজেকে অবরুদ্ধ করে রাখলেও পরে আত্মসমর্পণ করেন হিশাম। তার বিরুদ্ধে মরদেহ গোপন, প্রমাণ নষ্ট এবং পারিবারিক সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

অপরদিকে নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তিনি বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।’

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত বিশ্লেষণ ও অনুসন্ধান অব্যাহত আছে।

Link copied!