লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৬, ০১:১৪ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন আরও ১৭৪ জন।।

আজ বৃহস্পতিবার ভোর ৫টায় বুরাক এয়ারের বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা যায়। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের স্বাগত জানান। জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রত্যাবাসিতদের তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা দেওয়া হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক সময়ে একটি প্রতিনিধি দল গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে মোট ৮৯৫ জন বাংলাদেশির অবস্থান নিশ্চিত করে। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আগামী কয়েক সপ্তাহে আরও দুই ধাপে অবশিষ্টদের প্রত্যাবাসন করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে ১৮ মে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আরও একটি বড় দল এবং ২৪ মে ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে অবশিষ্টদের ফেরানোর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে চলতি মাসে লিবিয়া থেকে মোট ৫২৪ জন বাংলাদেশি নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে কাজ করছে।

Link copied!