ছবি: সংগৃহীত
বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানের আল বাতিনাহ অঞ্চলের আল মিলিদ্দা আল মোছানা এলাকায় গাড়ির এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন।
নিহত চার ভাই হলেন— মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের সন্তান। পরিবারে তাদের বৃদ্ধা মা এবং বড় দুই ভাইয়ের স্ত্রী-সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুল মতিন জানান, ছোট দুই ভাই শহীদ ও সিরাজের ১৫ মে রাতের ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। দেশে ফিরে তাদের বিয়ের প্রস্তুতিও চলছিল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বড় দুই ভাইকে সঙ্গে নিয়ে তারা মার্কেটে বিয়ের কেনাকাটায় বের হন। পার্কিংয়ে গাড়ি চালু থাকা অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণে চার ভাইয়ের মৃত্যু হয়।
লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, চার ভাইয়ের মধ্যে দুই ভাই একদিন পর দেশে ফেরার কথা ছিল। এখন চার ভাইয়েরই মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাই সম্প্রতি বিয়ে করে প্রবাসে যান। ছোট দুই ভাই একসঙ্গে দেশে ফেরার আনন্দে বিয়ের কেনাকাটায় বের হয়েছিলেন।