ছবি: সংগৃহীত
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। তিনি ৮০ বছর বয়সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া এলাকায়।
ড. এম রেজাউল হক যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে তিনি নাসার বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক বছর আগে নাসা থেকে অবসর নিয়ে তিনি যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন।
রেজাউল হকের পিতা ছিলেন মৃত ফহিম উদ্দিন বিশ্বাস এবং মাতা মৃত আনোয়ারা খাতুন। তিনি নয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। তাঁর বড় ভাই ছিলেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, তাঁর দাফন যুক্তরাষ্ট্রেই সম্পন্ন করা হবে। সেখানে আত্মীয়-স্বজনরা উপস্থিত আছেন।