ছবি: রয়টার্স
মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে নাবিকদের মধ্যে তীব্র সংঘর্ষে সাত নৌসেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ ও তাসনিম নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের কারণে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে মানসিক চাপ বাড়ছে।
তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে দাবি করেছে, ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা বিমানবাহী রণতরীটিতে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই উপদেষ্টা নৌসেনাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত সদস্যরা তাঁকে উদ্দেশ্য করে ভুয়া ধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন।
প্রতিবেদন অনুযায়ী, পরে এই বাকবিতণ্ডা ক্রু সদস্যদের মধ্যে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে সাতজন নৌসেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধজাহাজটির ভেতরের পরিবেশ এখনও অত্যন্ত উত্তপ্ত ও থমথমে রয়েছে।
ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে বলে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তাদের দাবি, এর মূল মিশন হলো ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ বহাল রাখা।
মেহের নিউজের দাবি, গত জুলাইয়ে ওমানে স্বল্পসময়ের একটি বিরতি ছাড়া যুদ্ধজাহাজটি টানা ২০৮ দিন ধরে সমুদ্রে অবস্থান করছে।