আগস্ট ১০, ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
আজ (সোমবার) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লাঠিচার্জের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললেও পুলিশ শিক্ষার্থীদের ওপর এই পদক্ষেপ নেয়।
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে করে রাঁচিতে জড়ো হন। একপর্যায়ে পুলিশ জলকামান নিক্ষেপ করলে কয়েকজন শিক্ষার্থীকে পানির তোড়ের সামনে নাচতে দেখা যায়। এ ঘটনায় পাটনায় নিট পরীক্ষার্থীদের আন্দোলনের স্মৃতি ফিরে আসে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঁচির গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যারিকেড স্থাপন করে পুলিশ। দূরপাল্লার বাসেও তল্লাশি চালানো হয়। এ ছাড়া অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়। একই সময়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরে বিক্ষোভে অংশ নেন বিজেপি নেতারাও।
জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে টানা ১৬ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা এ ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন।
অনশনে থাকা শিক্ষার্থী নেতা দেবেন্দ্র মাহাতো ও রবীন্দ্র পাসোয়ান জানান, সরকার ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র তিনটি বাতিলের প্রস্তাব দিয়েছে, যা তাদের কাছে পর্যাপ্ত নয়। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে।
এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের ঘটনায় সিআইডির তলবের পর জেপিএসসির তিন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে গত ২২ জুলাই সংস্থাটির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আশ্বাস দিয়েছেন, নিয়োগ পরীক্ষার অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি