থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২৬, ০৩:৩০ পিএম

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৬

ছবি: এপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে একটি উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আজ (শুক্রবার) বার্তাসংস্থা এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

রয়্যাল থাই পুলিশের মুখপাত্র ট্রাইরং পিউপান এপিকে জানান, রাজধানী ব্যাংককের উত্তর-পশ্চিমে ননথাবুরি প্রদেশের দেবসিরিন ননথাবুরি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, ঘটনার সময় শিক্ষার্থীরা একটি শ্রেণিকক্ষের ভেতরে লুকিয়ে ছিল। তারা পাশের একটি ভবন থেকে গুলির শব্দ শুনতে পায়। পরে পুলিশ দরজায় কড়া নাড়ে এবং শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনে।

হামলার প্রায় এক ঘণ্টা পর স্কুলের বাইরে অনেক মানুষ একে অপরকে সান্ত্বনা দিচ্ছিলেন। একই সময় পুলিশ ও জরুরি সেবার কর্মীরা স্কুলের ভেতরে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছিলেন।

হতাহতের সংখ্যা নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে, যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

টেলিভিশন চ্যানেল থ্রি-কে ট্রাইরং জানান, হামলাকারী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। তিনি বলেন, এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে তিনজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন বলেও জানান তিনি।

তবে স্বাস্থ্যমন্ত্রী পাত্তানা প্রমফাত জানান, আহতের সংখ্যা ২২ জন। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। তিনি বলেন, কয়েকজন বিভিন্ন কারণে, যেমন পড়ে গিয়ে আহত হয়েছেন এবং তাদের মধ্যে কতজন গুলিবিদ্ধ হয়েছেন তা স্পষ্ট নয়।

উপস্বরাষ্ট্রমন্ত্রী পোলাপি সুওয়ানচুই ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে পাঁচজন শিক্ষক রয়েছেন। তিনি আরও দাবি করেন, স্কুলে যাওয়ার আগে হামলাকারী নিজ বাড়িতে তার দুই দাদা-দাদিকে হত্যা করে। পরে তিনি জানান, হামলাকারীরও হাসপাতালে মৃত্যু হয়েছে।

ট্রাইরং বলেন, হামলার উদ্দেশ্য এখনও তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবহৃত অস্ত্রটি শিক্ষার্থীর পরিবারের কোনো সদস্যের কাছ থেকে নেওয়া হয়েছিল।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের দেখভালের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ থাইল্যান্ডের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৭ বছর বয়সী এক কিশোর পুলিশের কাছ থেকে অস্ত্র চুরি করে গুলি চালায় এবং দুই ঘণ্টাব্যাপী ওই ঘটনায় মানুষকে জিম্মি করে রাখে। এতে একজন নিহত ও দুজন আহত হন।

২০২৩ সালে ব্যাংককের একটি বড় শপিং মলে গুলির ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরকে অভিযুক্ত করা হয়েছিল।

Link copied!