আগস্ট ১, ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়ায় দুই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশন ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, মিরপুর-১০ স্টেশনের নিচে সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলা হয়। পরে বিষয়টি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে জানানো হলে বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে যায়।
অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা জানান, বেলা ১১টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত একটি বস্তা পড়ে থাকার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস্তার ভেতরে কী রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তাই বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় দুই এলাকাতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ সবাইকে গুজবে কান না দিয়ে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়। ওই ঘটনায় একজন পথচারী আহত হয়েছিলেন।