ভূমিকম্পের পর গৃহহীনদের সহায়তায় বাড়ি ভাড়া আইন অনুমোদন করল ভেনেজুয়েলা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০২:১৩ পিএম

ভূমিকম্পের পর গৃহহীনদের সহায়তায় বাড়ি ভাড়া আইন অনুমোদন করল ভেনেজুয়েলা

ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ গৃহহীন হওয়ার পর আবাসন সংকট মোকাবিলায় বাড়ি ভাড়া সহজ করতে নতুন একটি আইন পাস করেছে ভেনেজুয়েলার আইনসভা। শুক্রবার সর্বসম্মতিক্রমে অনুমোদিত এই আইনের মাধ্যমে দীর্ঘদিনের কঠোর ভাড়া-সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।

গত ২৪ জুন উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাবে এতে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং শত শত ভবন ধসে পড়ে। বর্তমানে প্রায় ২৩ হাজার ৮০০ মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন।

নতুন আইনের ফলে ব্যক্তিমালিকানাধীন বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা অনেকটাই কমে যাবে। জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ বলেন, মানুষের মধ্যে যেন বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে কোনো ভয় না থাকে, সেটিই এই আইনের মূল উদ্দেশ্য। তাঁর দাবি, অতিরিক্ত কঠোর বিধিনিষেধের কারণে দেশে প্রায় দুই লাখ বাড়ি দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে।

আইনপ্রণেতা আমেরিকা পেরেজ বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারের জন্য দ্রুত আবাসনের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে আইনটি কার্যকর হতে অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের অনুমোদন প্রয়োজন। তিনি চলতি বছরের শেষ নাগাদ ক্ষতিগ্রস্তদের জন্য চার হাজার নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

সরকারের লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে নেওয়া।
সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ১৯০টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ধসে পড়া ভবন অপসারণের কাজও শুরু হয়েছে। 

সেনাবাহিনীর নিরাপত্তায় বিস্ফোরক ব্যবহার করে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হচ্ছে। ভবন অপসারণের পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে আবারও তল্লাশি শুরু করেছেন।

এদিকে সরকার এখনো নিখোঁজ মানুষের সংখ্যা প্রকাশ না করলেও বিশেষজ্ঞদের ধারণা, এ সংখ্যা প্রায় ১০ হাজার হতে পারে।

Link copied!