জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০৭:৩৬ পিএম

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

ছবি: রয়টার্স

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকুরে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই ভূকম্পনের প্রভাবে কাজিমা টাউনের একটি শপিং মলের আংশিক ধসের ঘটনা ঘটেছে। ধসে পড়া অংশের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং কয়েকজনের প্রাণহানির আশঙ্কাও রয়েছে।

ভূমিকম্পের প্রভাবে দেশজুড়ে অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়া, সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর প্রাথমিকভাবে সুনামির আশঙ্কা তৈরি হলেও পরে আবহাওয়া দপ্তর জানায়, এটি অভ্যন্তরীণ ভূমিকম্প হওয়ায় উপকূলীয় এলাকায় সুনামির কোনো ঝুঁকি নেই।

প্রবল কম্পনের কারণে কিউশু ইলেকট্রিক পাওয়ারের আওতাধীন কুমামোতো অঞ্চলের প্রায় ৪৫ হাজার পরিবার ও স্থাপনায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দেশের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, আশপাশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ত্রুটি শনাক্ত হয়নি।

এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকার কাছাকাছি থাকা বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে সনি এবং বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি তাদের কার্যক্রমের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রতি বছর শত শত ভূকম্পন অনুভূত হয়। এর আগে ২০১৬ সালে কুমামোতো অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটে। এছাড়া ২০১১ সালের ভয়াবহ সুনামির স্মৃতিও এখনো দেশটির মানুষের মনে গভীরভাবে রয়ে গেছে।

বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় থেকে মানবজীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের পরবর্তী আফটারশক বা সম্ভাব্য আরও কম্পনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে।

Link copied!