দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন স্থগিতের ঘোষণা শিক্ষার্থীদের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১০:২৮ পিএম

দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন স্থগিতের ঘোষণা শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো সরকার মেনে নেওয়ার পর শনিবার এ ঘোষণা আসে।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র দুই মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, আপাতত কর্মসূচি স্থগিত করা হচ্ছে। সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের পক্ষ থেকে তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে ভারতের অন্যতম বড় ছাত্র আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।

আন্দোলন চলাকালে সরকার বারবার শিক্ষার্থীদের রাজপথ ছাড়ার আহ্বান জানালেও তারা দাবিতে অনড় ছিলেন। পরে কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলোও আন্দোলনের প্রতি সমর্থন জানায়। এ ইস্যুতে সংসদেও তীব্র হট্টগোল হয় এবং অধিবেশনের কার্যক্রম ব্যাহত হয়।

সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পর আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্দোলনকারীরা এই ঘটনাকে দেশের শিক্ষার্থী ও তরুণ সমাজের একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

Link copied!