জুলাই ২৫, ২০২৬, ০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালরের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে পদ থেকে অপসারণ করা হয়েছে। শুক্রবার সদস্যরাষ্ট্রগুলোর পরিষদ ‘অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিজ’ (এএসপি)-এর ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, আইসিসির ১২৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ৮২টি দেশ করিম খানকে অপসারণের পক্ষে ভোট দেয়।
আইসিসির পরিচালনা পর্ষদের সভাপতি পাইভি কাউকোরান্তা বলেন, সদস্যরাষ্ট্রগুলো মনে করেছে করিম খান গুরুতর অসদাচরণ ও দায়িত্ব পালনে গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত। এর ভিত্তিতেই তাকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত জুনে ৫৬ বছর বয়সী এই ব্রিটিশ ব্যারিস্টার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।
তবে করিম খানের আইনজীবী তাইয়াব আলী এ সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার ভাষ্য, জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি দপ্তর (ওআইওএস) এবং একটি বিচারিক প্যানেল উভয়ই করিম খানের বিরুদ্ধে অসদাচরণ বা দায়িত্বে অবহেলার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি। এছাড়া আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ না দিয়েই তাকে অপসারণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন করিম খান। পরে আইসিসি সেই পরোয়ানা জারি করলে আদালত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়ে।
করিম খানের বিরুদ্ধে অভিযোগকারী এক নারী, যার পরিচয় ‘সারাহ’ নামে প্রকাশ করা হয়েছে, সিএনএনকে বলেন, করিম খানের আচরণ সময়ের সঙ্গে আরও স্পর্শকাতর ও আক্রমণাত্মক হয়ে ওঠে। তার অভিযোগ, তিনি ঘুমের ভান করে থাকাকালে করিম খান তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছিলেন।