জুলাই ২৫, ২০২৬, ০২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা হলে সেটি আইন অনুযায়ী যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অতীতে যেসব অভিযোগ উঠেছিল, সেগুলোর পেছনের উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী আগামী ২৪ অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার সুযোগ রয়েছে। তাই এ বিষয়ে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন হবে না।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি মানবাধিকার কমিশন আইন এবং গুম-সংক্রান্ত আইন আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে স্বচ্ছতা অপরিহার্য। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক প্রভাব যাই থাকুক না কেন, ধর্ষণের কোনো মামলা সরকার প্রত্যাহার করবে না।