জুলাই ২৫, ২০২৬, ০২:০২ পিএম
ছবি/ ভিডিও থেকে নেওয়া।
আগামী দিনের রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্মেলনে আরডিএর কর্মকর্তা ও গবেষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচকভাবে ভাবছে। একই সঙ্গে উদ্ভাবিত প্রযুক্তি কৃষকদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, শুধু গবেষণা করলেই হবে না, সেই গবেষণার ফল যেন মাঠপর্যায়ে কৃষকের কাজে লাগে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সম্মেলনে বক্তারা বলেন, প্রযুক্তি উদ্ভাবনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে টেকসই জীবিকা, নতুন কর্মসংস্থান এবং শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।