ভারতের পরিস্থিতি এমন, মোদিকেও পালাতে হতে পারে: হাসনাত আবদুল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০১:২০ পিএম

ভারতের পরিস্থিতি এমন, মোদিকেও পালাতে হতে পারে: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, ভারতের দিল্লির চলমান বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও পালাতে হতে পারে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে মোদিকেও সঙ্গে নিয়ে আসতে হতে পারে।

বুধবার রাতে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনার সময়ের মতো গুমের ঘটনা পুনরাবৃত্তি হয়েছে, যা একটি কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে।

তিনি আরও বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, সেই দলই এখন গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার ভাষ্য, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে।

ভারতের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে হাসনাত বলেন, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশেই অস্থিতিশীলতা তৈরি হয়। তিনি দাবি করেন, বর্তমানে ভারতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মোদিকেও দেশ ছাড়তে হতে পারে।

পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করা হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!