প্রশ্নফাঁসের বিচার দ্রুত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০১:১০ পিএম

প্রশ্নফাঁসের বিচার দ্রুত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির

ছবি: সংগৃহীত

নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

মোদি বলেন, এ লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরও আন্দোলন থেকে সরে আসেনি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শুধু আদালত গঠন নয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণার জবাবে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মোদির সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস হতে দিয়েছে এবং দায়ীদের রক্ষা করেছে।

রাহুল তিন দফা দাবি তুলে ধরেন—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে, শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এর আগে মঙ্গলবার এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রশ্নফাঁসকে ‘মহাপাপ’ বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। বৃহস্পতিবার তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

নিট প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থার অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৬ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই মঞ্চে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। অনশনের ২১তম দিনে, ১৮ জুলাই পুলিশ তাকে যন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করলেও তিনি অনশন ভাঙেননি।

 

Link copied!