জুলাই ২২, ২০২৬, ০৪:৫৮ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপ কুমিরা সংলগ্ন বঙ্গোপসাগরে বিকল ও অর্ধডুবন্ত বাল্কহেডে ভাসতে থাকা চার শ্রমিককে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
আজ (বুধবার) সকাল ১০টা ১১ মিনিটে রনি নামে এক শ্রমিক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তারা চারজন একটি পাথরবোঝাই ইঞ্জিনচালিত বাল্কহেডযোগে সিলেট থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
সন্দ্বীপ পার হয়ে কিছুদূর যাওয়ার পর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডের ভেতর পানি ঢুকতে থাকে। একপর্যায়ে পানিতে ডুবে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল ও অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে চার শ্রমিক সাগরে ভাসতে থাকেন।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে উদ্ধারের জন্য কোস্টগার্ড কন্ট্রোলরুমে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল ময়না। বিষয়টি সংশ্লিষ্ট কোস্টগার্ড স্টেশনের সঙ্গে তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপ্যাচার এসআই মীর মাজহারুল ইসলাম।
খবর পেয়ে সন্দ্বীপ কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সন্দ্বীপ থেকে ৯ দশমিক ২৬ কিলোমিটার (৫ নটিক্যাল মাইল) দূরে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় থাকা চার শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে তাদের মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এদিকে, পাথরবোঝাই বাল্কহেডটি ইতোমধ্যে নিমজ্জিত হয়ে যায়। সন্দ্বীপ কোস্টগার্ডের পেটি-অফিসার নজরুল ইসলাম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।