এমপির ভিডিও বিতর্কে চাপে জামায়াত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০২:৩৬ এএম

এমপির ভিডিও বিতর্কে চাপে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও এবং তা নিয়ে পরপর বদলে যাওয়া ব্যাখ্যা দলটির জন্য নতুন এক রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রথমে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে সংসদ সদস্য নিজেই ভিডিওতে থাকা নারীকে তার বৈধ দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।

সর্বশেষ এ ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াত।

ঘটনার শুরুতে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেলের সঙ্গে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‍‍`ক্রাইম বার্তা‍‍` ভিডিওটিকে এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করে।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে জানায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি, এমন দাবির পক্ষে কোনো প্রমাণ তারা পায়নি।

এর পরদিন গাজী নজরুল ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী।

তার দাবি, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং অর্থ আদায়ের চেষ্টা হয়েছে।

এমপির এই বক্তব্য সামনে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ঘটনাটির সময়রেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে একটি পুরোনো টাইমস্ট্যাম্প দেখা গেলেও সেটি সঠিক কি না বা ক্যামেরার সময় যথাযথভাবে সেট করা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, এমপি তার দ্বিতীয় বিয়ের যে সময় উল্লেখ করেছেন, সেটিও জনআলোচনার অংশ হয়ে উঠেছে।

অবশেষে মুখ খুলল জামায়াত

বিতর্কের কয়েকদিন পর মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য দলটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলাম, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার বক্তব্য ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকৃত ঘটনা সম্পর্কে আরও তথ্য ও প্রমাণ সংগ্রহ এবং অনুসন্ধান শেষে দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দলের এই অবস্থান থেকে স্পষ্ট, জামায়াত আপাতত ঘটনাটিকে শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছে না। বরং অভিযোগগুলোর বাস্তবতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

ব্যক্তিগত বিতর্ক থেকে দলীয় চ্যালেঞ্জ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘটনাটি এখন আর শুধু একজন সংসদ সদস্যের ব্যক্তিগত জীবনকে ঘিরে বিতর্ক নয়। বরং এটি জামায়াতের জন্য একটি ভাবমূর্তি ও জবাবদিহির পরীক্ষায় পরিণত হয়েছে।

সাম্প্রতিক সময়ে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে আসা জামায়াত এখন নিজ দলের একজন সংসদ সদস্যকে ঘিরে ওঠা বিতর্ক কীভাবে মোকাবিলা করে, সেটিই হবে জনসাধারণের প্রধান পর্যবেক্ষণের বিষয়।

বিশেষ করে ভিডিওটি নিয়ে প্রথমে এআই দাবি, পরে সেই অবস্থান থেকে সরে এসে দ্বিতীয় স্ত্রীর বিষয়টি প্রকাশ্যে স্বীকার করার ঘটনায় দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে।

ব্ল্যাকমেইলের অভিযোগের অগ্রগতি কী?

গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করা হয়েছে। তবে এ অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, কীভাবে ফাঁস হলো এবং এর সঙ্গে কারা জড়িত, এসব প্রশ্নেরও এখনো আনুষ্ঠানিক উত্তর মেলেনি।

এখন নজর দলীয় সিদ্ধান্তে

ভিডিওটির সত্যতা নিয়ে প্রাথমিক বিতর্ক অনেকটাই স্তিমিত হলেও রাজনৈতিক বিতর্ক এখন নতুন পর্যায়ে পৌঁছেছে।

জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি তদন্তের ঘোষণা দেওয়ায় এখন নজর থাকবে দলটি অনুসন্ধান শেষে কী সিদ্ধান্ত নেয় এবং একজন সংসদ সদস্যকে ঘিরে সৃষ্ট এই বিতর্ক তাদের রাজনৈতিক অবস্থান ও জনমনে ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলে।

 

Link copied!