পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০২:৪৫ পিএম

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ উর রহমান | ফাইল ছবি

কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিপরিষদ গঠন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে যতটুকু তিনি বুঝেছেন, কোনো মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ভালোভাবে পারফর্ম করতে না পারলে এবং দপ্তর পুনর্গঠন বা দায়িত্ব পুনর্বণ্টনের প্রয়োজন মনে হলে প্রধানমন্ত্রী সে সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি বলেন, দিনশেষে জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

তবে মন্ত্রিসভা পুনর্গঠন বা দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত ১৮০ দিনের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হবে কি না, তা এখনই বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

সাইবার বুলিং প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের অনেক নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এসব প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

Link copied!