রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ স্থগিত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৪:২২ পিএম

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ স্থগিত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর বিকালে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে, পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) সঙ্গে এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ (মঙ্গলবার) সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেললাইনে অবস্থান নেন তারা। এতে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ২০ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরকান উদ্দিনের সঙ্গে টিটিই সুমনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্ত করলেও আন্দোলনকারীরা তা যথেষ্ট নয় বলে দাবি করেন।

শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—অভিযুক্ত টিটিইকে সশরীরে উপস্থিত করা; ঘুষ গ্রহণ ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে আইনগত ব্যবস্থা নেওয়া; ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দেওয়া; এবং সব দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।

Link copied!