দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৬:০১ পিএম

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

ছবি: সংগৃহীত

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের নয়টি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

আজ (মঙ্গলবার) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন এবং যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও নওগাঁ জেলায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। এর মধ্যে সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলায়ও বন্যার শঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটির পর্যবেক্ষণাধীন নদী স্টেশনগুলোর মধ্যে বর্তমানে তিনটি নদীর চারটি স্টেশনে পানির স্তর বিপৎসীমার ওপরে রয়েছে। এগুলো হলো কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন।

এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।

Link copied!