হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে বড় সুখবর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০১:৩৭ পিএম

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে বড় সুখবর

ছবি: সংগৃহীত

হজযাত্রীদের জন্য ২০২৭ সালের বিমান ভাড়া কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

তিনি আরও জানান, দ্বিতীয় প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। একই সঙ্গে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্যও ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া গত বছরের ১ লাখ ৫৪ হাজার টাকা থেকে কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে মুদ্রা বিনিময় হার বৃদ্ধি এবং খাবার ও সার্ভিস চার্জ সৌদি সরকার বহন করায় সার্বিক হজ প্যাকেজের মূল্য কিছুটা বেড়েছে বলেও জানান তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের হজ ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল। আর হজ অনুষ্ঠিত হতে পারে ১৫ মে।

Link copied!