ছবি: সংগৃহীত
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর এক সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।
সোমবার (২০ জুলাই) দুপুরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে দুজন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
ওসি জানান, সোমবার দুপুরে টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে সাঁতরে তিন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। তারা জানিয়েছেন, প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের একটি ক্যাম্পে জিম্মি ছিলেন। পরে ওই ক্যাম্প থেকে পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
বিজিবি আটক তিনজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে টেকনাফ থানায় মামলা করেছে। টেকনাফ থানার ওসি জানান, মঙ্গলবার সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মিয়ানমারের জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এর আগে বিভিন্ন সময়ে মিয়ানমারের সেনা ও পুলিশ সদস্যরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।