শিক্ষার্থীদের পাশে সালমান, এখনও চুপ শাহরুখ-আমিররা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০১:৫১ পিএম

শিক্ষার্থীদের পাশে সালমান, এখনও চুপ শাহরুখ-আমিররা

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে এবার মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খান। আন্দোলন নিয়ে নীরব থাকায় যখন বলিউডের শীর্ষ সারির অনেক তারকা সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়ছেন, তখন নিজের ছাত্রজীবনের একটি সাদাকালো ছবি প্রকাশ করে বিক্ষোভরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

খান, কাপুর ও বচ্চন পরিবারের একাধিক সদস্যসহ বলিউডের অনেক তারকাই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সালমানের পোস্ট প্রকাশের পর অনুরাগীদের একাংশ তাঁকে সাধুবাদ জানিয়ে সামাজিকমাধ্যমে লিখছেন, ‍‍`টাইগার আভি জিন্দা হ্যায়‍‍`।

বুধবার (২২ জুলাই) গভীর রাতে ইনস্টাগ্রামে নিজের ছাত্রজীবনের একটি সাদাকালো ছবি শেয়ার করে সালমান খান লেখেন, ‍‍`আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, কিন্তু শেষপর্যন্ত যেমন সহিংস রূপ নিল, সেটা সত্যিই দুঃখজনক! যারা আহত হয়েছেন, সেসব শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস আদতেই শিক্ষাব্যবস্থার এক গুরুতর সমস্যা। তবে আমাকে এটা আনন্দ দিচ্ছে যে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আমাদের দেশের শিক্ষার্থীরা একজোট হয়েছে এবং তাদের অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন। ওরা দৃঢ় কণ্ঠে যে অবস্থান নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।‍‍`

তিনি আরও লেখেন, ‍‍`পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত ও শিক্ষিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওদের এই নিষ্ঠা, আন্তরিকতা ও আগ্রহ সত্যিই প্রশংসনীয়। এই আন্দোলন, প্রতিবাদই এগিয়ে যাওয়ার সঠিক পথ, এবং শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে। ওরা সত্যিই সাহসী ও অদম্য। শিক্ষার প্রতি এই প্রজন্মের এমন একাগ্রতা ও উদ্দীপনা ভবিষ্যতে ভারতকে গর্বিত করবে।‍‍`

শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানালেও আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন সালমান খান। তিনি বলেন, ‍‍`এই আন্দোলন মূলত শিক্ষার্থী ও দেশের শিক্ষাব্যবস্থার মধ্যেকার একটি বিষয়, তাই এই আন্দোলনকে কোনো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব শুধু শিক্ষার্থীদের প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাদের পূর্ণ সহায়তা করবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। আখেড়ে এটা সকলের জন্যেই ফলপ্রসূ। ইতিবাচক ফলের আশাই রাখছি আমি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের সকলের মঙ্গল করুন।‍‍`

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‍‍`এমন এক সময় আসুক, যখন বিদেশ থেকে পড়াশোনার জন্য মানুষ ভারতে আসবে এবং ভারত শিক্ষা নগরীতে পরিণত হবে। শিক্ষাই হোক আগামী প্রজন্মের ধারক।‍‍`

প্রসঙ্গত, জুলাইয়ের শুরু থেকেই নিট কেলেঙ্কারিসহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দিল্লির যন্তরমন্তরে টানা ২৫ দিন ধরে চলা বিক্ষোভ গত সোমবার ককরোচ জনতা পার্টির ‍‍`সংসদ চলো‍‍` কর্মসূচিকে কেন্দ্র করে নতুন মোড় নেয়। বিক্ষোভকারী ‍‍`তেলাপোকাদের‍‍` ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ ও অরিজিৎ সিংসহ আরও কয়েকজন তারকা। এবার সেই তালিকায় যোগ হলো সালমান খানের নাম।

Link copied!