আগস্ট ৩০, ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর) ঐতিহাসিক ‘বড় সরদারবাড়ি’তে কোক স্টুডিও বাংলার বাণিজ্যিক শুটিংয়ের কারণে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক শাহেদ কায়েস বলেন, সম্প্রতি টানা চার দিন বড় সরদারবাড়িতে ‘কোক স্টুডিও বাংলা সিজন ৪’-এর ভিডিও ধারণ করা হয়। শুটিংয়ের সময় উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর, ভারী ক্যামেরা ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের কারণে ভবনের দেয়াল, অলংকরণ ও নকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দ্বিতীয় আঙিনার একটি অংশও ভেঙে গেছে বলে দাবি করেন তিনি।
শাহেদ কায়েস বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বড় সরদারবাড়ি সংস্কারের পর ২০১৮ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। ঐতিহাসিক ও সংবেদনশীল এই স্থাপনায় বাণিজ্যিক শুটিংয়ের আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ৩০০ বছরের প্রাচীন রাজধানীর এই স্থাপনাটি কোক স্টুডিওর মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার বিষয়টি বিস্ময়কর।
সংবাদ সম্মেলনে কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল এবং সোনারগাঁও সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।