সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০১:২৯ পিএম

সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকালে স্কুল শিক্ষিকা নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ব্রিফিংয়ে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বক্তব্য দেবেন।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন (৫৫)। রাজধানীর সংসদ ভবন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান তিনি।

মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিনা পারভীনের হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

Link copied!