সংসদের দক্ষিণ প্লাজায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৫:৫২ পিএম

সংসদের দক্ষিণ প্লাজায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

প্রতীকি ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে মোসা. রনজিনা পারভীন (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শেরেবাংলা নগরের সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চোখের চিকিৎসকের পরামর্শ নিতে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন রনজিনা। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী আসে। তারা রনজিনার হাতব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্তের পাশাপাশি জড়িতদের ধরতে কাজ চলছে। কাউন্টার টেররিজম, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও এ ঘটনায় কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।

 

Link copied!